রাজধানীর সংসদ ভবনের সামনে আন্দোলনের মুখে জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ জরুরি সংশোধনের ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উদ্দেশে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এই ঘোষণা দেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সনদের অঙ্গীকারনামার ৫ নম্বর দফায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত ভাষ্যে বলা হয়েছে, ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের বিচার ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। তাঁদের পরিবারকে আইনি দায়মুক্তি ও মৌলিক অধিকার সুরক্ষাসহ আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, মাসিক ভাতা, চিকিৎসা ও পুনর্বাসনের নিশ্চয়তা দেওয়া হবে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন এই সংশোধনের মাধ্যমে ঘটেছে। এ বিষয়ে কমিশন সরকারের কাছে স্পষ্ট সুপারিশ দেবে।”
তিনি আরও জানান, এ নিয়ে রাজনৈতিক দল ও কমিশনের মধ্যে কোনো মতপার্থক্য নেই।
ঘোষণার সময় কমিশনের অন্যান্য সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর ও এমপি হোস্টেলের সামনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বিকেলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি চলতে থাকে।