বিডিটেলিগ্রাফ ডেস্ক
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্যের মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষরের মধ্য দিয়ে “নতুন বাংলাদেশের সূচনা” ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদে স্বাক্ষর শেষে এ মন্তব্য করেন তিনি।
ড. ইউনূস বলেন, “আমাদের নবজন্ম হলো আজ। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। আমরা একমত হয়েছি— যাতে সঠিক পথে এগিয়ে যেতে পারি, তার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই।”
তিনি আশা প্রকাশ করেন, এই ঐকমত্য সফলভাবে পরিচালিত হলে বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।
প্রধান উপদেষ্টা জানান, “এই সনদ দেশ পরিবর্তনের সূচনা করবে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে।” সনদকে সফল করতে সহযোগিতার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান।
আগামী সরকার দেশের পুনর্গঠনের দায়িত্ব নেবে বলে মন্তব্য করে তিনি বলেন, “এই সনদ তারই প্রস্তুতি।”
তরুণ প্রজন্মের প্রশংসা করে ড. ইউনূস বলেন, “যে তরুণরা এই দিনটিকে সম্ভব করেছে, তারাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। এ দেশ তরুণদের দেশ।”
দেশের জনমিতি তুলে ধরে তিনি বলেন, “১৮ কোটি মানুষের মধ্যে অর্ধেকই ২৭ বছরের নিচে— এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ বিশ্বজুড়ে তরুণদের অভাব।”
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেন, পরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাদের সঙ্গে যোগ দেন।