নেত্রকোণা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরাকারবারিদের নির্মূলে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩নং চন্ডিগড় ইউনিয়ন শাখা এই আয়োজন করে। এতে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য ইউনিট সংহতি প্রকাশ করে। এই আয়োজনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে দলের নেতৃবৃন্দ বলেন, মাদক একটি ভয়ঙ্কর ব্যধি। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে মাদক দুর্গাপুরে ঢুকছে এবং এলাকার যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজ ও দেশকে রক্ষার জন্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে তারা কাজ করছেন বলে জানান।
এই মানববন্ধনে দলের নেতৃবৃন্দ অঙ্গীকার করেন মাদক থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে একটি দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক নির্মূলে বিএনপির এই সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।