চিতলমারী প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর নয়ন শিকদার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নয়ন শিকদার ওই গ্রামের মোশারফ শিকদারের ছেলে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নয়নের নানা মাহাবুব মৃধা জানান, শুক্রবার সকাল ৯টার দিকে নয়ন বাড়ি থেকে নিখোঁজ হয়। সন্ধ্যায় খোঁজাখুঁজি ব্যর্থ হলে নয়নের মা ফারজানা চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে এলাকায় অভিযান চালালেও শিশুটিকে পাওয়া যায়নি।
শনিবার সকালে আকাশ হালদার নামে এক ব্যক্তি তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে গেলে পানিতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, জিডি মূলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।