অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে চাকুরি ও লোন দেওয়ার কথা বলে নিতাই অধিকারী নামের জনৈক এক ব্যক্তি ৫লাখ ১০হাজার টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। ভূক্তভোগীরা এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অভিযোগসূত্রে জানা যায়, খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার রাম অধিকারীর ছেলে নিতাই অধিকারী নিজকে ব্র্যাক ব্যাংকের অডিট অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকুরি ও লোন করিয়ে দেওয়ার কথা বলে ৫লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছেন।
অভিযুক্ত নিতাই অধিকারী নওয়াপাড়া বাজারের নর্থ বেঙ্গল এলাকার বাসিন্দা আবদুর রহিমের ফার্ণিচারের দোকান থেকে ৮৫হাজার টাকার ফার্ণিচার এবং তার ছেলে আজিজুল রনিকে খুলনা ওয়াসায় চাকুরি দেওয়ার কথা বলে ৬৫ হাজার টাকা গ্রহণ করেন। নর্থ বেঙ্গল এলাকার বাসিন্দা সাব্বির হোসেনের নামে লোন করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১লাখ ৩০হাজার টাকা, মো. আল আমিন নামের এক ব্যক্তিকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ৪০হাজার টাকা,ডালিম হোসেন নামের জনৈক এক ব্যক্তিকে লোন করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১লাখ ২০হাজার টাকা, দীপংকর সাহার কাছ থেকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭০হাজার টাকা গ্রহণ করে। সব মিলিয়ে তিনি ৫লাখ ১০হাজার টাকা গ্রহণ করেছেন বলে অভিযোগসূত্রে পাওয়া গেছে।
ভুক্তভোগীরা বর্তমানে টাকা গ্রহণকারী নিতাই অধিকারীর খোঁজ মিলাতে না পেরে বিষয়গুলো লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে নিতাই অধিকারীর ব্যবহৃত মোবাইল ফোনে (০১৯২৭-৩৩৭৯৩৮) একাধিকবার কল করা হলেও মোবাইল ফোনটি তিনি রিসিভ করেননি ।
থানার এসআই রমজান জানান, অভিযোগ যাচাইয়ের কাজ চলছে। বিবাদীর কোন স্থায়ী ঠিকানা না থাকায় বিষয়টি সম্পর্কে জানতে সময় লাগছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।