রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে রূপায়ন টাওয়ারের সামনে, যেখানে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত। বিস্ফোরণে একজন পথচারী আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি কারওয়ান বাজার এলাকা থেকে রিকশাযোগে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত নিউ ইস্কাটনের দিকে চলে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
পরে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে অপসারণ করে। পুলিশ জানায়, কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
সম্প্রতি রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ের আশপাশে একাধিক বিস্ফোরণ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী এসব ঘটনাকে আগামী নির্বাচনের আগে সম্ভাব্য অস্থিরতা রোধের অংশ হিসেবে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।