মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের (এসপি) বাসভবনে বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসভবনের ডাইনিং স্পেসে বসানো এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ফলে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা জড়ো হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, অগ্নিকাণ্ডের ফলে বাসভবনের ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে।
মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, তিনি অফিসে থাকাকালীন বাসভবনের গার্ড তাকে অগ্নিকাণ্ডের খবর দেন। এরপর তিনি ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি এই বাসভবনে একাই থাকেন বলে জানান।