নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশে সার বিতরণব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ-সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুমোদন দিয়েছে কৃষিবিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন নীতিমালা রোববার থেকে কার্যকর হবে।
নীতিমালায় সার বিতরণে স্বচ্ছ দরপত্র, ডিজিটাল নজরদারি, নতুন যোগ্যতা মানদণ্ড এবং এক পরিবারে একাধিক ডিলারশিপ নিষিদ্ধ করার মতো বড় পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে চালু থাকা সাব-ডিলার ব্যবস্থাও বাতিল করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় বলছে, সার বাজারে দীর্ঘদিনের একচেটিয়া আধিপত্য ও সিন্ডিকেটভিত্তিক নিয়ন্ত্রণ ভাঙাই এই নীতিমালার মূল উদ্দেশ্য। পরিবহন ঠিকাদার ও ডিলারের একটি প্রভাবশালী অংশ সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করত, যার ফল ভোগ করতেন কৃষক।
নতুন নীতিমালায় বিসিআইসি ও বিএডিসির পৃথক ডিলারশিপ কাঠামো একীভূত করা হয়েছে। এখন থেকে সরকারি, আধাসরকারি বা বেসরকারি উৎসের সার একক নীতিমালার আওতায় বিতরণ হবে। ইউনিটভিত্তিক ডিলার সংখ্যা নির্ধারণের পাশাপাশি প্রতিটি ডিলারের অধীনে তিনটি বিক্রয়কেন্দ্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যেখানে ভর্তুকি ও বিক্রয়মূল্যসহ সব তথ্য প্রদর্শন করতে হবে। বিক্রয়, উত্তোলন ও হিসাবরক্ষণ পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় করতে হবে।
নীতিমালায় সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপ নিষিদ্ধ করা হয়েছে। ডিলারশিপের জামানত বাড়িয়ে চার লাখ টাকা এবং নবায়ন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ডিলারদের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে নিয়োগ নবায়ন বা বাতিলের বিধানও রাখা হয়েছে।
যেসব এলাকায় ডিলার নেই, সেখানে উপজেলা ও জেলা পর্যায়ের মনিটরিং কমিটির সুপারিশে নতুন নিয়োগ দেওয়া হবে। খালি ইউনিটের তালিকা জেলা পর্যায়ে প্রকাশ করে একযোগে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। সব ডিলারকে সরকার-নিবন্ধিত ও তালিকাভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।