বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন।
কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়, পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি ঘটনাটিতে জড়িতদের রক্ষায় স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রাখে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও উঠে এসেছে, হত্যাকাণ্ডে বহিঃশক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাযজ্ঞ নিয়ে জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। সত্য উদ্ঘাটনে কমিশনের ভূমিকা জাতির স্মরণে থাকবে। তিনি আরও বলেন, এই তদন্ত প্রতিবেদন বহু প্রশ্নের উত্তর দেবে এবং তা জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে।
কমিশন প্রধান ফজলুর রহমান জানান, তদন্তকাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অনেক আলামত ধ্বংস হয়ে গেছে এবং সংশ্লিষ্ট অনেকেই বিদেশে চলে গেছেন বলে তিনি জানান। সাক্ষীদের বক্তব্য ৮ ঘণ্টা পর্যন্ত শোনা হয়েছে এবং পূর্ববর্তী তদন্ত তথ্যও সংগ্রহ করা হয়েছে।
জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত এবং শেখ ফজলে নূর তাপস ছিলেন এর প্রধান সমন্বয়ক। ঘটনার দিন স্থানীয় আওয়ামী লীগের একটি মিছিল পিলখানায় প্রবেশ করে এবং বের হওয়ার সময় তা কয়েকগুণ বড় হয়ে ফিরে আসে। তিনি দাবি করেন, পুরো ঘটনাটি ঘটানোর ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল।