বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দায়ের করা দুদকের একটি মামলায় শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ১৪ জন আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে মোহাম্মদ খুরশীদ আলম কারাগারে থাকলেও বাকিরা পলাতক এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
দুদক জানায়, পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে ছয়টি প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করা হয়। এর মধ্যে তিনটির রায় ইতোমধ্যে ঘোষণা হয়েছে। আজকের রায় ছিল চতুর্থ মামলার রায়। মামলার বিচারিক প্রক্রিয়ায় মোট ৩২ জন সাক্ষ্য দেন, আর গত ৩১ জুলাই চার্জ গঠন করা হয়।
এর আগে, ২৭ নভেম্বর প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। একই রায়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পাঁচ বছরের কারাদণ্ড পান।