টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের শীর্ষ পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই খবর নিশ্চিত হওয়া গেছে।
নির্বাচন কমিশন (ইসি) আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। তার আগেই দুই উপদেষ্টা নিজেদের সরে যাওয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের অবহিত করেছেন। উপদেষ্টা পরিষদ মনে করে, তফসিল ঘোষণার পর এই ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টার পদে থাকা নৈতিকভাবে ঠিক হবে না।
পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গঠিত মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের প্রতিনিধি হিসেবে তারা উপদেষ্টা হন। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকেই তাঁদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল।
এদিকে, দুই উপদেষ্টার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা চলছে। অন্যদিকে, মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ায় তাঁর নির্বাচনী পথ কিছুটা কঠিন হতে পারে। যদিও তাঁরা দুজনেই সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে ঘনিষ্ঠ। নাহিদ ইসলামের আহ্বানে এনসিপি সম্প্রতি নতুন রাজনৈতিক জোটও গঠন করেছে।