টেলিগ্রাফ বাংলাদেশ রিপোর্ট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আদিবাসীদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরং এবং বরমসিদ্ধিপুর সীমান্তে পৃথক সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে বেলা ১১টার দিকে তুরং সীমান্তে। সেখানে অবৈধভাবে অনুপ্রবেশের সময় খাসিয়া আদিবাসীরা তিন রাউন্ড গুলি করলে আশিকুর রহমান (২০) ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে থাকা মোশাঈদ (২২) গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা আশিকুরের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
অন্যদিকে, দুপুর ১২টার দিকে বরমসিদ্ধিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ইয়াকুব উদ্দিন (৩২) নামে আরেক যুবক খাসিয়াদের লক্ষ্যবস্তু হন। তার বুক, মুখ ও পায়ে গুলি করা হয়। স্বজনরা তাকে ভারতীয় সীমান্তের ভেতর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।