যশোর প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরের পর যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের প্রধান ফটকের সামনের পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের হান্নান মোল্লার স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাসিমা বেগম যশোর সদর হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাজ শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি জেলা পরিষদের প্রধান ফটকের সামনে পৌঁছালে হঠাৎ অসাবধানতাবশত তাঁর গায়ের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।