আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করেছে বিএনপি। এই সমঝোতার অংশ হিসেবে জমিয়তকে ৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। বিএনপি ও জমিয়তের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ৪টি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং একইভাবে জমিয়তও বিএনপির আসনগুলোতে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রাখবে না।
জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দেওয়া আসন ও মনোনীত প্রার্থীরা হলেন: নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা মনির হোসাইন কাসেমী, সিলেট-৫ আসনে মাওলানা আমির উবায়দুল্লাহ ফারুক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জমিয়তের সঙ্গে বিএনপির একটি সফল নির্বাচনী সমঝোতা হয়েছে এবং আমরা পরস্পরের আসনে প্রার্থী না দেওয়ার বিষয়ে একমত হয়েছি।”
দলীয় সূত্রে জানা গেছে, জমিয়ত প্রাথমিকভাবে ৫টি আসন দাবি করেছিল এবং বিএনপি ৩টিতে সম্মত হয়েছিল। তবে পরবর্তীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ সুপারিশে আরও ১টি আসন বাড়িয়ে মোট ৪টি আসন জমিয়তকে প্রদান করা হয়। এই সমঝোতাকে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে থাকা শক্তিগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।