টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন এবং আগামী ২৮ ডিসেম্বর প্রধান বিচারপতির পদে শপথ গ্রহণ করবেন।
সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। বিচারক জীবনের ইতি টেনে তিনি বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর বিচারিক জীবন দীর্ঘ ও বহুমাত্রিক। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং দুই বছর পর, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।