জুড়ী সংবাদদাতা ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক মা ও তার চার বছর বয়সী ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে এবং এর পেছনে পারিবারিক কলহ ভূমিকা রাখতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রাম থেকে মরিয়ম আক্তার (২৫) ও তার ছেলে আয়ান মোহাম্মদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তারা স্থানীয় বাসিন্দা কুতুব উদ্দিনের স্ত্রী ও সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মরিয়ম ও তার স্বামী কুতুব উদ্দিন একটি টিনশেডের আধাপাকা ঘরে বসবাস করতেন। কুতুব উদ্দিনের স্থানীয় সমাই বাজারে একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান রয়েছে এবং বাড়ির আশপাশেই তার পরিবারের অন্যান্য সদস্যরা থাকেন।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাশের ঘরের লোকজন মরিয়মকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে ঘরের আড়ার সঙ্গে দুটি ওড়নায় মরিয়ম ও তার শিশুপুত্রের ঝুলন্ত লাশ দেখতে পান। ওই সময় কুতুব উদ্দিন দোকানে ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে রাত আটটার দিকে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ দুটি উদ্ধার করে। তবে ঘটনাস্থলে মরিয়মের স্বামীকে পাওয়া যায়নি।
জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মরিয়ম ও তার সন্তানের শরীরে ফাঁসের চিহ্ন ছাড়া অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।