মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে গণধিকার পরিষদ ‘জিওপি’ মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ ইলিয়াছ হোসাইন।
সোমবার তিনি শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মনিষা রানী কর্মকারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন দলীয় প্রতিনিধিদের নিয়ে উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে নির্ধারিত সময়ে ও নিয়ম অনুযায়ী মনোনয়ন দাখিল সম্পন্ন হয়।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বলেন, “মানিকগঞ্জ-১ আসনের মানুষের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানিকগঞ্জ-১ আসনে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।