মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও লাকড়ি মজুদের দায়ে এক ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ইটভাটার মালিক মো. রহুল আমিন (৪৬)। তিনি নজির আহমদের পুত্র এবং উপজেলার চরম্বা ইউনিয়নের তেলিবিলা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত প্রতিষ্ঠানটির নাম পিবিএম ব্রিকস, যা চরম্বা এলাকায় অবৈধভাবে পরিচালিত।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, সরকারি অনুমোদন ও লাইসেন্স ছাড়াই ইটভাটা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বিপুল পরিমাণ লাকড়ি মজুদ রাখা হয়েছে, যা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।
এ অপরাধে মো. রহুল আমিনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর ৪ ও ৬ ধারায় দোষী সাব্যস্ত করে ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, “পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কার্যক্রম সহ্য করা হবে না। অবৈধ ইটভাটা ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও আইন প্রয়োগ নিশ্চিত করতে ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।