নওগাঁ প্রতিনিধি ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নওগাঁর মহাদেবপুরে ভোরে হাটে যাওয়ার পথে একটি দ্রুতগামী ডাম্পট্রাকের চাপায় পাঁচজন আদিবাসী কৃষক নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে মহাদেবপুর-পত্মীতলা আঞ্চলিক সড়কের শিবপুর পাটকাঠি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁরা নিজেদের জমিতে উৎপাদিত হলুদ বিক্রির জন্য ব্যাটারিচালিত একটি ভ্যানে করে মহাদেবপুর হাটের দিকে যাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পট্রাক কৃষকদের বহনকারী ভ্যানটিকে সরাসরি চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও পরে তাঁর মৃত্যু হয়।
মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস জানান, হাসপাতালে আনার আগেই চারজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চললেও কিছুক্ষণ পরই তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি সড়কের পাশে একটি খালে ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। মহাদেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি চিহ্নিত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিহত কৃষকদের পরিবার ও এলাকায় এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।