নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরকে সামনে রেখে বড় চমক দেখিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। নিলাম শুরু হওয়ার আগেই বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার লাহোর কালান্দার্স আনুষ্ঠানিকভাবে মোস্তাফিজের নাম ঘোষণা করে। কাটার মাস্টার হিসেবে পরিচিত এই পেসারকে পেতে লাহোর খরচ করছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।
মোস্তাফিজুর রহমানের জন্য লাহোর কালান্দার্স কোনো নতুন জায়গা নয়। এর আগে ২০১৬ এবং ২০১৮ সালেও তিনি এই দলটির জার্সি গায়ে মাঠ মাতিয়েছিলেন। দীর্ঘ সময় পর আবারও পুরনো ক্লাবে ফিরে আসায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলের মালিক সামীন রানা।
এক বিবৃতিতে সামীন রানা বলেন, “একবার কালান্দার্স মানে সব সময় কালান্দার্স। মোস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নন; তিনি আমাদের পরিবারের সদস্যের মতো। তার প্রতিভা ও অভিজ্ঞতা আমাদের শিরোপা রক্ষার লড়াইয়ে অমূল্য ভূমিকা রাখবে।”
আসন্ন আসরের নিলামের আগেই নিজেদের ঘর গোছাতে শুরু করেছে লাহোর। মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে নেওয়ার আগে তারা দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টপ অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এবং উদীয়মান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে।
বিশ্লেষকরা মনে করছেন, শাহিন আফ্রিদির সঙ্গে মোস্তাফিজের অন্তর্ভুক্তি লাহোরের পেস আক্রমণকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ইউনিটে পরিণত করবে। শিরোপা ধরে রাখার মিশনে মোস্তাফিজের অভিজ্ঞতার ওপর বড় ভরসা রাখছে লাহোর ম্যানেজমেন্ট।