রিয়াদ হোসেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গণভোটের মাধ্যমে সংস্কার প্রশ্নে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর—এমন মন্তব্য করেছেন গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, “গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে জনগণ যে সুস্পষ্ট গণরায় দিয়েছেন, তা বাস্তবায়নের দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর ওপর ন্যস্ত। রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সকল রাজনৈতিক দল অঙ্গীকারাবদ্ধ—এখন সেই অঙ্গীকার বাস্তবে রূপ দেওয়ার সময়।” তিনি আরও বলেন, ক্ষমতাসীন দল, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দল, সংবিধান সংস্কার পরিষদের সদস্য দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দল—সবার প্রতি আহ্বান থাকবে আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করা।জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভিন্নমতের প্রতি যে শ্রদ্ধা ও সহনশীলতা রাজনৈতিক দলগুলো দেখিয়েছেন এবং
আপস-সমঝোতার যে ঐতিহ্য গড়ে তুলেছেন, তা অব্যাহত রাখতে হবে। জনরায় সমর্থিত যে দলিল প্রণীত হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব এখন আপনাদেরই।” জনসমাজের প্রতিও আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, “ভবিষ্যতের বাংলাদেশ আপনাদের—দেশ গঠনের কাজে অগ্রণী ভূমিকা রাখুন।” প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংলাপ ও সমঝোতার মধ্য দিয়েই গণভোটের রায় বাস্তবায়নের পথ সুগম হবে।