দায়িত্ব শেষ হওয়ার পরও রাষ্ট্রীয় বাসভবন ‘যমুনা’য় অবস্থান করছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিজয়ী সরকারের কাছে ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেও তিনি এখনো সেখানেই আছেন। তবে নিয়ম অনুযায়ী আরও তিন মাস থাকার সুযোগ থাকলেও বাসভবন ছেড়ে দেওয়ার ব্যাপারে ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ‘যমুনা’ পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, দায়িত্ব হস্তান্তরের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পরিদর্শন।
২০২৪ সালের ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি সেখানে বসবাস করছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
ড. ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, এখন তিনি পরিবারকে সময় দিচ্ছেন এবং ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছেন। মাসখানেকের মধ্যে অথবা ঈদের পর গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন, যদিও দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি।
এক সহযোগী জানিয়েছেন, ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসেবে নথিপত্র গুছানো ও সাংগঠনিক কাজ করছেন তিনি। পাশাপাশি অসুস্থ স্ত্রীকে সময় দিচ্ছেন। বিকেলে হাঁটাহাঁটি এবং সন্ধ্যায় ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সময় কাটাচ্ছেন। মেয়ের দুই বিড়াল ‘মিনু’ ও ‘কায়রো’র সঙ্গেও সময় কাটে তার।
সংশ্লিষ্টরা বলছেন, তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগ নিয়ে ভাবছেন ড. ইউনূস। তার দীর্ঘদিনের ‘থ্রি জিরো’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—ধারণার ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হতে পারে। তবে এখনো কোনো সুনির্দিষ্ট কর্মসূচি চূড়ান্ত হয়নি।
তিনি বিদেশ সফরের আমন্ত্রণও পেয়েছেন। এ বিষয়ে তাকে সহায়তা করছেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ। কোথায় সরাসরি সফর করবেন এবং কোথায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন—তা নিয়েও কাজ চলছে। আগামী মাসে পাঁচ দিনের সফরে জাপান যাওয়ার কথা রয়েছে, যদিও বিস্তারিত পরে জানানো হবে।
যমুনায় আগের মতো রাষ্ট্রীয় ব্যস্ততা না থাকলেও তার দৈনন্দিন রুটিন বজায় রয়েছে। সকালে হাঁটাহাঁটির পর নাশতা সেরে সকাল ১০টার দিকে কাজ শুরু করেন। কর্মকর্তা-কর্মচারীদের তিনি নির্দেশ দিয়েছেন, যারা দেখা করতে চান তাদের যেন সুযোগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার পরিচালনার অভিজ্ঞতা থেকে শুরু করে ভবিষ্যৎ পরিকল্পনা—বিভিন্ন বিষয়ে জানতে নানা শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে দেখা করছেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ড. ইউনূস এক সপ্তাহ আগে কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। তার সরকারের মেয়াদকালেই তিনি এটি জমা দেন। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা ও পদমর্যাদাসম্পন্ন প্রায় ২০ জন কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন বলেও জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতৃত্বে সরকার গঠন হয়েছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।