নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নারীর অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিবৃতিতে জামায়াত আমির পরিবার থেকে রাষ্ট্র গঠন—প্রতিটি ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতি দিয়ে বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের অংশগ্রহণ অনস্বীকার্য।
বাংলাদেশে নারীদের জন্য একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বের প্রতিটি ধাপে নারীদের জন্য ন্যায্য সুযোগ তৈরি করা প্রয়োজন। বিশেষ করে কর্মক্ষেত্রে বিদ্যমান লৈঙ্গিক বৈষম্য ও বেতন বৈষম্য দূর করার বিষয়ে তিনি সুনির্দিষ্ট দাবি জানান।
তিনি বলেন, “বাংলাদেশে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে নারীরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের ন্যায্য পাওনা পাবে।”
সাম্প্রতিক সময়ে নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা ও হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, নারীর অবমাননা রোধে রাষ্ট্র ও সমাজকে আরও দৃঢ় অবস্থানে যেতে হবে। একই সঙ্গে সময়ের প্রয়োজনে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
অধিকার আদায়ের লড়াইয়ের পাশাপাশি ডা. শফিকুর রহমান পারিবারিক ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা ন্যায়ভিত্তিক সমাজই নারীর প্রকৃত মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে পারে।
দেশের প্রতিটি নারীকে ধর্ম ও মত নির্বিশেষে সমান সম্মান ও সহযোগিতার দাবিদার হিসেবে উল্লেখ করে তিনি একটি নিরাপদ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার সংকল্প ব্যক্ত করেন।