ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরর প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ জামাতে অংশগ্রহণের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রায় ৩৩০ জন ভিআইপি এবং প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সাধারণ মুসল্লি অংশ নেন। মাঠে জায়গা না পাওয়ায় অনেক মুসল্লি আশপাশের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নারীদের জন্য পৃথক পর্দার ব্যবস্থাও রাখা হয়েছিল।
নামাজ শেষে ইমাম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছোট-বড় সবাই ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রতিবছরের মতো এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ৭টা ও ৮টায় প্রথম দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পরবর্তী জামাতগুলো সকাল ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া দুই সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার মসজিদগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।