পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সকাল সাড়ে ৮টা থেকে সর্বসাধারণের জন্য যমুনা প্রাঙ্গণের প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হলে ভোর থেকেই সেখানে মানুষের ঢল নামে। সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী, কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য সেখানে জড়ো হন।
একপর্যায়ে মানুষের ভিড় যমুনা প্রাঙ্গণ ছাড়িয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি দেখা যায়।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত ওই জামাতে তারা ঈদের নামাজ আদায় করেন।
তারেক রহমানের জন্য এবারের ঈদ বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০০৭ সালে তিনি শেষবার দেশের মাটিতে ঈদ উদযাপন করেছিলেন। পরে ২০০৮ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করতে হয় তাকে। দীর্ঘ ১৯ বছরের নির্বাসন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এবারই প্রথম দেশে ঈদ উদযাপন করছেন তিনি।