নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মালদ্বীপের রাজধানী মালে-তে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এই জয়ের মধ্য দিয়ে বয়সভিত্তিক কোনো ফাইনালে প্রথমবার ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল লাল-সবুজের দল।
শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
টাইব্রেকারে বাংলাদেশের হয়ে সফলভাবে গোল করেন মুর্শেদ আলি, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম ও রোনান সুলিভান। একমাত্র শটটি মিস করেন স্যামুয়েল রাকসাম। অন্যদিকে ভারতের পক্ষে মোহাম্মদ আরবাস, স্যামসন ও বিশাল যাদব গোল করলেও শেষ শটে ওমং দুদু বল বাইরে পাঠালে ম্যাচ বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে।
টাইব্রেকারের শুরুতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। তিনি ভারতের ঋষি সিংয়ের নেওয়া প্রথম শটটি ঠেকিয়ে দেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা থাকলেও কোনো দলই গোলের দেখা পায়নি। প্রথমার্ধে বাংলাদেশের কয়েকটি সুযোগ তৈরি হলেও তা কাজে লাগানো যায়নি। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ বাড়ালেও রক্ষণভাগের দৃঢ়তায় গোলশূন্য অবস্থাই বজায় থাকে।
টাইব্রেকারের সময়ও নাটকীয়তা দেখা যায়। বাংলাদেশের চতুর্থ শট নেওয়ার আগে ভারতের গোলরক্ষক সুরজ সিং হঠাৎ চোট পেয়ে মাটিতে পড়ে গেলে খেলার ছন্দে কিছুটা বিঘ্ন ঘটে। চিকিৎসা শেষে খেলা শুরু হলে স্যামুয়েল রাকসামের শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে শেষ পর্যন্ত ভারতের ব্যর্থতায় জয় পায় বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বাংলাদেশ। এর আগে ২০২৪ সালে প্রথমবারের মতো এই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
বয়সভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে এ পর্যন্ত সাতবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারবার শিরোপা জিতেছে ভারত, নেপাল দুইবার এবং বাংলাদেশ এবারসহ দুইবার সেরা হয়েছে।
এর আগে ২০১৯ (অনূর্ধ্ব-১৮), ২০২২ (অনূর্ধ্ব-২০) এবং ২০২৫ (অনূর্ধ্ব-১৯) ফাইনালে ভারতের কাছে হারের অভিজ্ঞতা ছিল বাংলাদেশের। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন ইতিহাস গড়ল তারা।