ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে নেদারল্যান্ডসের নাম উঠে এসেছে একটি নতুন বিশ্লেষণে, যা ফুটবল অঙ্গনের বাইরে থেকেও আলোচনার জন্ম দিয়েছে। বিনিয়োগ ব্যাংক পেনমুর লিবেরামের সিমুলেশন অনুযায়ী, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে ডাচদের প্রথমবারের মতো শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়েছে, মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক সুবিধা এবং ফিফা র্যাঙ্কিংয়ের মতো উপাদান বিবেচনায় নিয়ে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে। তাদের মতে, এসব ভেরিয়েবল একটি দলের পারফরম্যান্সের প্রায় ৫৫ শতাংশ ব্যাখ্যা করতে সক্ষম, বাকি অংশ নির্ভর করে ভাগ্যের ওপর।
এই মডেল অনুযায়ী, ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে পারে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ধরা হয়েছে পর্তুগালকে।
বিশ্লেষণে আরও বলা হয়েছে, ব্রাজিল রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে যেতে পারে এবং স্পেন ও ইংল্যান্ড সেমিফাইনাল পর্যন্ত গিয়েই থামবে। সম্ভাব্য পথচিত্রে নেদারল্যান্ডস মরক্কো, কানাডা ও স্পেনকে হারিয়ে ফাইনালে পৌঁছাবে, আর পর্তুগালকে পেরোতে হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মতো শক্ত প্রতিপক্ষ।
তবে এই পূর্বাভাসের সঙ্গে বাজির বাজারের হিসাবের বড় পার্থক্য রয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ ধরা হয়েছে। ফলে শেষ পর্যন্ত এই অনুমান কতটা বাস্তব হবে, তার উত্তর মিলবে বিশ্বকাপের মাঠেই।