অভয়নগর (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ বা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ২০ মণ মাছ মরে ভেসে উঠেছে। এতে ঘের মালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
শনিবার (১৬ মে) গভীর রাতে উপজেলার ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ায় রফিকুল ইসলামের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রোববার দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
ক্ষতিগ্রস্ত ঘের মালিক রফিকুল ইসলাম জানান, এক একর ৩৫ শতক জমির ঘেরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। শনিবার বিকেল ৪টার দিকে মাছের খাবার দিয়ে তিনি বাড়িতে চলে যান। পরে রাত ১০টার দিকে ঘেরে এসে দেখেন মাছ মরে পানিতে ভেসে রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে কে বা কারা বিষ প্রয়োগ কিংবা গ্যাস ট্যাবলেট ব্যবহার করে ঘেরের প্রায় ২০ মণ ছোট-বড় মাছ মেরে ফেলেছে। এতে তাঁর প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রফিকুল ইসলাম আরও বলেন, “ঘটনার পর রোববার দুপুর ২টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে অভয়নগর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।