ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মিরপুরের পর সিলেটেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে ধবলধোলাই করল টাইগাররা।
৪৩৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭ রান। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১২০ রান, অন্যদিকে বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট।
পঞ্চম দিনের শুরুতে মোহাম্মদ রিজওয়ান জীবন পেলেও সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ বাঁচাতে পারেনি পাকিস্তান। রিজওয়ান ও সাজিদ খান অষ্টম উইকেটে অর্ধশতাধিক রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সেই জুটি ভেঙে দেন। সাজিদ খানকে ফিরিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি।
এরপর দ্রুত বাকি উইকেট তুলে নিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল টাইগাররা।