ফরিদ আহমেদ , ব্রাহ্মণবাড়িয়া,প্রতিনিধি:
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফুটবলকে ঘিরে আগাম উন্মাদনা ছড়িয়ে পড়েছে। মরহুম রফিকুল ইসলাম দেনু স্মরণে আয়োজিত দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
আয়োজকদের সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর থেকেই মাঠমুখী হতে শুরু করেন ফুটবলপ্রেমীরা। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঠ ও আশপাশের এলাকায় হাজারো দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দেশের ফুটবল দলের জার্সি পরে সমর্থকেরা প্রিয় দলের পক্ষে স্লোগান ও করতালিতে মুখর রাখেন পুরো মাঠ।
খেলা উপভোগ করতে অনেককে গাছের ডালে, বাউন্ডারি দেয়ালের ওপর এবং আশপাশের বহুতল ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায়। প্রিয় দলের সমর্থনে তাঁদের উচ্ছ্বাস ও চিৎকারে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নবীনগর পূর্ব ইউনিয়ন একাদশ ১–০ গোলে উপজেলার গোসাইপুর মায়াকানুন একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মকবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জাবেদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জাবেদুল ইসলাম বলেন, “আমার বাবা মরহুম রফিকুল ইসলাম দেনুর স্মরণে দেড় লাখ টাকার ক্যাশ মানির এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা। আমরা একটি সুন্দর, সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা আরও বিস্তৃত করতে চাই।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, দীর্ঘদিন পর এমন বড় আয়োজনের ফুটবল টুর্নামেন্টে দর্শকদের ব্যাপক সাড়া নবীনগরে ফুটবলের জনপ্রিয়তাকেই নতুন করে সামনে নিয়ে এসেছে। এখন ফাইনাল ম্যাচ ঘিরেও এলাকায় বাড়ছে আগ্রহ ও প্রত্যাশা।