নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মেক্সিকোর ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ব্রাজিলের রেফারি উইলটন স্যাম্পাইওর বাঁশির সঙ্গে শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল আসরের নতুন অধ্যায়।
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। একই সঙ্গে এটিই প্রথম আসর, যা যৌথভাবে আয়োজন করছে তিন দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা ইতোমধ্যে আয়োজক দেশগুলোতে পৌঁছেছেন। এর মধ্যে আর্জেন্টিনা থেকে তিন সমর্থক প্রায় ১৭ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হবে। সংগীত, নৃত্য, আলোক প্রদর্শনী ও প্রযুক্তিনির্ভর আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে পপ তারকা শাকিরাসহ বিভিন্ন শিল্পীর।
ফুটবল ইতিহাসের বহু স্মরণীয় ঘটনার সাক্ষী আজটেকা স্টেডিয়াম। ১৯৭০ সালে এখানে বিশ্বকাপ জিতেছিলেন পেলে এবং ১৯৮৬ সালে এই মাঠেই দিয়েগো ম্যারাডোনা উপহার দিয়েছিলেন ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র মতো আলোচিত মুহূর্ত।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি ও ব্রাজিলকে ঘিরে শিরোপা লড়াইয়ের আলোচনা চলছে। একই সঙ্গে লামিন ইয়ামাল, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, আরলিং হলান্ড ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাদের ওপরও থাকবে বিশেষ নজর। আগামী এক মাস ধরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কেন্দ্রবিন্দুতে থাকবে এই আসর।