নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার হওয়া এক বৃদ্ধকে প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবস্থানের পর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া ষষ্টি চন্দ্র বর্মন বাংলাদেশের নাগরিক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করে বিজিবি। পরে তাকে বকশীগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, ষষ্টি চন্দ্র বর্মন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। এরপর পরিচয় যাচাই-বাছাই করে তাকে উদ্ধার করা হয়।
এর আগে তাকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানিয়েছেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে এবং তার স্বজনরা রাজশাহী থেকে রওনা হয়েছেন। তাদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।