নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৭৭ রান করতে পারায় সহজ জয় তুলে নেয় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
লিডসে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ২৭ রানে ৫ উইকেট হারানোর পর অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তাদের জুটিও বড় সংগ্রহ এনে দিতে পারেনি।
বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। ৪৭ বলে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার, আর রিতু মনি করেন ১৬ রান।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ৯.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়। জর্জিয়া ভোল ৪৫ ও এলিস পেরি ১৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন মারুফা আক্তার।
এই জয়ে অস্ট্রেলিয়া গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। অন্যদিকে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানো বাংলাদেশকে এখন সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করতে হবে। আগামী ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা।