নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রায় ৫০০ বছরের পুরোনো বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল হিসেবে স্বীকৃত একটি ঐতিহাসিক বল যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, যেখানে এটি একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে স্থান পাবে এবং বিশ্বকাপের একটি ম্যাচেও উপস্থিত থাকবে।
দীর্ঘদিন ধরে স্কটল্যান্ডের স্টার্লিং শহরের স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামে সংরক্ষিত এই বলটি সম্প্রতি আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে। মায়ামির কোরাল গেবলস মিউজিয়ামে আয়োজিত ‘ডিপ্লোম্যাসি অ্যান্ড দ্য বিউটিফুল গেম: ফ্রম স্কটল্যান্ড টু ব্রাজিল টু হাইতি’ শীর্ষক প্রদর্শনীর অংশ হিসেবে এটি প্রদর্শিত হবে।
ঐতিহাসিক এই ফুটবলটি স্টার্লিং দুর্গের রানীর শয়নকক্ষের কাঠের প্যানেলিংয়ের আড়াল থেকে উদ্ধার করা হয়েছিল। বৈজ্ঞানিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, চামড়ার তৈরি বলটি ১৫৪০ থেকে ১৫৭০ সালের মধ্যে নির্মিত।
স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামের পরিচালক ক্যারোলিন ম্যাথার্স বলেন, বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবলকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারা তাদের জন্য গর্বের বিষয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপ্রাপ্ত এই বলটি আগামী ২৪ জুন ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও স্টেডিয়ামে রাখা হবে। ফলে প্রায় পাঁচ শতকের ইতিহাসে প্রথমবারের মতো এটি একটি বিশ্বকাপ ম্যাচের পরিবেশের অংশ হবে।