মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অপরাধীকে শাস্তি না দিয়ে মানবিকতার মাধ্যমে সংশোধনের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন আধুনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাছির। একজন অভাবী চোরকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে তিনি নিয়েছেন পুনর্বাসনের দায়িত্ব, যা স্থানীয় জনমনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জানা গেছে, অভাব-অনটনের কারণে চুরির পথে জড়িয়ে পড়া এক ব্যক্তিকে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দিতে এগিয়ে আসেন ব্যবসায়ী নাছির। এরই অংশ হিসেবে তিনি ওই ব্যক্তির পরিবারের জন্য এক মাসের প্রয়োজনীয় নিত্যপণ্যের সম্পূর্ণ বাজার নিজ দায়িত্বে তাদের বাড়িতে পৌঁছে দেন।
স্থানীয়দের মতে, সমাজে অপরাধ কমাতে শুধু শাস্তিই যথেষ্ট নয়; প্রয়োজন মানবিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ। সেই বিবেচনায় ব্যবসায়ী নাছিরের এই পদক্ষেপটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অনেকেই মনে করছেন, অপরাধীকে ঘৃণা না করে তাকে সংশোধনের সুযোগ করে দেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত মানবিকতা।
এ সময় সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মাদ জুনাইদ। তিনি বলেন, সমাজের বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিরা যদি এভাবে অভাব ও হতাশার কারণে অপরাধে জড়িয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ান, তাহলে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে।
স্থানীয় সচেতন মহলের অভিমত, ‘অভাবে স্বভাব নষ্ট হয়’—প্রচলিত এই প্রবাদ বাস্তব জীবনের বহু ঘটনার সঙ্গে মিলে যায়। তাই কেবল আইন প্রয়োগ নয়, পাশাপাশি পুনর্বাসন ও মানবিক সহায়তার উদ্যোগও জরুরি। ব্যবসায়ী নাছিরের এই কল্যাণমুখী উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তারা।
তাদের মতে, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি একজন করে অসহায় ও বিপথগামী মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব নেন, তাহলে অনেক পরিবার নতুন করে বাঁচার সুযোগ পাবে এবং অপরাধের হারও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।