ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তরুণদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মাঝিকাড়া যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “নৌকা ভ্রমণ-২০২৬। আয়োজনে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশে নবীনগর থেকে শান্তিপুর পর্যন্ত মনোরম নৌভ্রমণ উপভোগ করেন শতাধিক যুবক ও স্থানীয় বাসিন্দা।
বুধবার দিনব্যাপী আয়োজিত এ নৌভ্রমণে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নৌযাত্রাকালে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি অংশগ্রহণকারীরা পারস্পরিক মতবিনিময় ও আনন্দঘন সময় কাটান।
আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমান সময়ে তরুণদের মধ্যে সামাজিক বন্ধন ও সম্প্রীতি জোরদার করার পাশাপাশি স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোর উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা জানান, সামাজিক মূল্যবোধ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর মেয়র প্রার্থী মো. মাসুদ রানা। তিনি বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতিমূলক আয়োজনের বিকল্প নেই। তরুণদের অংশগ্রহণে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
নৌভ্রমণে অংশ নেওয়া কয়েকজন তরুণ জানান, ব্যস্ততার মধ্যে এমন আয়োজন তাদের মানসিক প্রশান্তি দিয়েছে। একই সঙ্গে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের কর্মসূচি সহায়ক হবে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ভবিষ্যতেও যুবসমাজকে নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবার সহযোগিতায় সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে নৌকা ভ্রমণ কর্মসূচি সম্পন্ন হয়েছে বলেও তারা জানান।