ঝিনাইদহ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হওয়া এ টুর্নামেন্টে আটটি দল অংশ নিচ্ছে।
বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ, আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, জাতীয় ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে বগুড়ার শেরপুর ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে কুষ্টিয়া একাদশ।