শৈলকুপা প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তীর্থ বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক পিকআপটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
নিহত তীর্থ বিশ্বাস ভাটই গ্রামের তপন কুমারের ছেলে এবং ভাটই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তিনি মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরের দিকে যাওয়ার সময় ভাটই সরকারি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহানুর আলী জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।