মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসের পেছনে রেললাইন সংলগ্ন এলাকায় গভীর গর্ত করে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই এলাকা থেকে অবাধে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হলেও সংশ্লিষ্ট বনবিভাগ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয়দের ভাষ্যমতে, মাটি কাটার ফলে বনাঞ্চল সংলগ্ন এলাকার প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে ভূমিক্ষয়, জলাবদ্ধতা ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণও হুমকির মুখে পড়ছে।
বিশেষজ্ঞদের মতে, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য হাতিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল ও চলাচলের করিডোর। বনাঞ্চলের আশপাশে অনিয়ন্ত্রিতভাবে গভীর গর্ত করে মাটি কাটা হলে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়।
স্থানীয়দের অভিযোগ, বন ও পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে বনবিভাগের পক্ষ থেকে এসব কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ থাকা ব্যক্তিদের বিভিন্ন অনুষ্ঠানে সম্মাননা ও সনদ প্রদান করা হচ্ছে। এতে পরিবেশ সচেতন মহলে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
পরিবেশ সচেতন নাগরিকরা অবিলম্বে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন এলাকায় অবৈধ মাটি কাটা বন্ধ, ক্ষতিগ্রস্ত স্থান পুনর্বাসন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।