মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি । রবিবার (১৫ নভেম্বর) ২০২৬, দুপুর ১২টা ৩৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি বাজার এলাকায় ব্র্যাক অফিসের পেছনে প্রায় ৪০ ফুট পাহাড় কেটে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রকাশ সাজু নামের এক ব্যক্তির নেতৃত্বে বসতঘর ও মার্কেট তৈরির উদ্দেশ্যে এই পাহাড় কাটা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পাহাড়ের একটি অংশ কেটে মাটি সরিয়ে জায়গা তৈরির কাজ করছেন কয়েকজন শ্রমিক। স্থানীয়দের ভাষ্য, এভাবে পাহাড়ের স্বাভাবিক গঠন পরিবর্তন করা হলে বর্ষা মৌসুমে ভূমিধস, মাটিক্ষয় ও আশপাশের বসতবাড়ি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
পরিবেশসংশ্লিষ্টরা জানান, অপরিকল্পিত পাহাড় কাটা প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। বিশেষ করে পাহাড়ি এলাকায় নির্বিচারে মাটি কাটার ফলে বৃষ্টির পানি নিষ্কাশনব্যবস্থা বাধাগ্রস্ত হয় এবং ভূমিধসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত প্রকাশ সাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
প্রশাসনের পদক্ষেপ
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনুমতি ছাড়া পাহাড় কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, পাহাড় কাটা পরিবেশ ও জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।