নড়াইল প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে হাট থেকে ফেরার পথে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন এবং ২ জুলাই দুই গ্রামের শিশুদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। দ্বিতীয় দফার সংঘর্ষের সময় মোস্তফা কাজীসহ স্থানীয় কয়েকজন মুরুব্বি এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এর জেরেই তার ওপর হামলার অভিযোগ উঠেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, প্রাথমিকভাবে শিশুদের খেলার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।