নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ফিফা ও ম্যাচ রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মিশরের কোচ হোসাম হাসান। তার দাবি, লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই আর্জেন্টিনা সুবিধা পেয়েছে।
ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারে মিশর। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, তার দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেললেও মাঠের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের প্রভাব ম্যাচের ফল নির্ধারণ করেছে।
মিশরীয় কোচের অভিযোগ, প্রথমার্ধে মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনায় ভিএআর হস্তক্ষেপ করেনি। দ্বিতীয়ার্ধে জিকোর করা একটি গোল ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। এছাড়া ইনজুরি সময়ে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে অ্যালেক্সিস মাক আলিস্তারের সম্ভাব্য ফাউলও রেফারি ও ভিএআর আমলে নেয়নি বলে দাবি করেন তিনি।
হোসাম হাসান আরও বলেন, তারা শুরু থেকেই ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ারের নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। ম্যাচ শেষে মাঠে রেফারির সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়। তিনি জানান, এ ঘটনার পর তার এই বিশ্বকাপ নিয়ে আগ্রহ শেষ হয়ে গেছে এবং তিনি আর টুর্নামেন্টের কোনো ম্যাচ দেখবেন না।