নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের বিদায়ের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে করা মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়া প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিলা এবার উল্টো ফরাসি তারকার বিরুদ্ধে মানহানি ও অপবাদের অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছেন।
সিনেটরের আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস জানিয়েছেন, এমবাপ্পের প্রকাশ্য মন্তব্যের ভিত্তিতে প্যারাগুয়ের আদালতে অভিযোগ দায়ের করা সম্ভব কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। তার দাবি, আদালত অভিযোগ গ্রহণ করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এবং প্রয়োজনে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও প্রাসঙ্গিক হতে পারে।
বিতর্কের সূত্রপাত হয়, যখন সেলেস্তে আমারিলা এমবাপ্পের জাতীয়তা ও পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং আপত্তিকর মন্তব্য করেন। এর জবাবে এমবাপ্পে তাকে ‘জঘন্য নারী’ এবং ‘নিজের পদের অযোগ্য’ বলে মন্তব্য করেন।
এদিকে, ফ্রান্সে তদন্ত চলছে আমারিলার মন্তব্য জাতিগত পরিচয়, জাতীয়তা, বর্ণ বা ধর্মের ভিত্তিতে অবমাননাকর ছিল কি না। অভিযোগ প্রমাণিত হলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে আমারিলার আইনজীবীর দাবি, সিনেটর ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন, যা বাকস্বাধীনতার আওতায় পড়ে। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা বলেছেন, সিনেটরের মন্তব্য দেশের রাষ্ট্রীয় অবস্থানকে প্রতিফলিত করে না।