নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১৭ জুলাই ২০২৬, রাত ১১টা ০৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে সাম্প্রতিক টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিনসহ গৃহ নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ বলেন, “যশোরে মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে রয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর পক্ষ থেকে যে মানবিক সহায়তা কার্যক্রম শুরু হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে মাঠে থাকতে হয়। সাধারণ মানুষের প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোই একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব।”
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, “নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলেন, ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি সচেতন ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।”
বিএনপি সবসময় জনগণের দল। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের রাজনৈতিক আদর্শের অংশ। মানুষের কল্যাণে যেকোনো মানবিক উদ্যোগে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘরবাড়ি মেরামতের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।