নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও ইংল্যান্ড। শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচটি ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতীয় দলের দায়িত্বে এটিই তার শেষ ম্যাচ। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জেতে, ২০২২ সালে ফাইনালে ওঠে এবং এবার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায়।
ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সামনেও রয়েছে ব্যক্তিগত অর্জনের সুযোগ। তিনি ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমতায় থাকলেও অ্যাসিস্টে পিছিয়ে আছেন। ইংল্যান্ডের বিপক্ষে গোল করতে পারলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তার।
অন্যদিকে, ইংল্যান্ডের কোচ টমাস টুখেল বলেছেন, কোনো দলই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, কারণ সবার লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। একই ধরনের হতাশার কথা জানিয়েছেন দেশমও। তবে দুই কোচই শেষ ম্যাচে দায়িত্বশীল পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে, পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের ২৫ হাজার সিমুলেশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫০ দশমিক ৭ শতাংশ। ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ২৫ দশমিক ৬ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ৭ শতাংশ।
ম্যাচের আগে দুই দলই ইনজুরি সমস্যায় রয়েছে। ফ্রান্সের উইলিয়াম সালিবা ও ব্রিস সাম্বা খেলতে পারবেন না। ইংল্যান্ডের জর্ডান হেন্ডারসন দলে নেই, আর রিস জেমসকে নিয়েও রয়েছে অনিশ্চয়তা।