ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
শনিবার (১৮ জুলাই)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মাঝে ৫০টি ছাগল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ (হোপ)। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে শনিবার (১৮ জুলাই) সকালে সংস্থার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে ছাগল ও ফলজ গাছের চারা তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছ। সংস্থার সাধারণ সম্পাদক মো. আবু কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান। এ সময় নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সহসভাপতি মো. ইকবাল হোসেন এবং সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের টেকসই জীবিকা নিশ্চিত করতে হোপ কাজ করে যাচ্ছে। ছাগল পালন উপকারভোগীদের অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সাল থেকে হোপ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর আগে প্রথম পর্যায়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রতিবন্ধী শিক্ষা ও চিকিৎসা প্রকল্প, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৫০ জনকে সেলাই মেশিন এবং চতুর্থ ও পঞ্চম পর্যায়ে ১০ জনকে গরু প্রদান করা হয়। এ ছাড়া ১৪ লাখ টাকা ব্যয়ে ১০টি গবাদিপশু বিতরণ এবং ৫০টি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ করা হয়েছে।