নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১৮ জুলাই (শনিবার) ২০২৬, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রিজ এলাকায় মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহত বর্ণা অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং ঢাকার মিরপুরের রবিউল আলম খানের স্ত্রী।
নওয়াপাড়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ রনজিত কুমার জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয়রা ভৈরব ব্রিজের অদূরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তা উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌ-পুলিশ কর্মকর্তা রনজিত কুমার বলেন, “গত দুই দিন ধরে নিখোঁজের পর স্থানীয় নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তল্লাশি করেও কোনো সন্ধান পায়নি। অবশেষে দ্বিতীয় দিনের তল্লাশি শেষে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।”
এর আগে শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে গোসলে নেমে নিখোঁজ হন বর্ণা। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসে বর্ণার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।