মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
রবিবার (২৬ জুলাই), দুপুর ১২টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। রবিবার (২৬ জুলাই) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শনিবার দিবাগত রাত ১২টার পর থেকে ভোরের মধ্যে যেকোনো সময়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহফুল মিয়া ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি আবুল খায়ের বলেন, শনিবার রাতের খাবার খেয়ে মাহফুল নিজ ঘরে ঘুমাতে যান। রবিবার ভোরে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। লোডশেডিং থাকায় ঘরে ঢুকে টর্চের আলো জ্বালালে তিনি মাহফুলকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যদের তথ্যের ভিত্তিতে ওসি বলেন, প্রতিবেশীর সঙ্গে মাহফুলের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।