প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট
বৃহস্পতিবার (৩০ জুলাই), বিকাল ৪টা ১৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাটের মোল্লাহাটে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ভ্যান দুর্ঘটনায় হাফিজ শেখ (৩০) নামের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার গাড়ফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ ভান্ডারখোলা ইউনিয়নের তালতলা এলাকার মন্টু শেখের ছেলে এবং মোল্লাহাট ওভারব্রিজ সংলগ্ন রনি হোটেলের কর্মচারী ছিলেন।
জানা যায়, রাতের কাজ শেষ করে প্রতিদিনের মতো ভ্যানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন হাফিজ। গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা লাগে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় কয়েকজন জানান, দুর্ঘটনার সময় ভ্যানের নির্ধারিত চালক পাশে বসে ছিলেন এবং হাফিজ নিজেই ভ্যানটি চালাচ্ছিলেন। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।