ফরিদপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ফরিদপুরে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ফরিদপুর শহরতলীর বায়তুল আমান রহমত মোল্যার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামেলা বেগমের (৬০) মরদেহ বিকেল ৫টার দিকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাহিম শেখ মানসিক বিকারগ্রস্ত ও মাদকাসক্ত ছিলেন। নেশা নিয়ে প্রায়ই তার মায়ের সঙ্গে বিরোধ হতো। কয়েকদিন আগে তিনি মাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করেছিলেন বলে স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একা থাকা মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রতিবেশীদের দাবি, ২০১৬ সালে রাহিম তার সৎমাকেও কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছিলেন। ওই ঘটনায় তিনি প্রায় ছয় বছর কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিজের মাকে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত পালিয়ে গেছেন। তার ঘর থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।